রুমাল নেড়ে অচেতন করে টাকা লুট
মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির এক ডিলারের বিক্রয়কর্মীকে অচেতন করে সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চেওয়াখালী বাজার এলাকার সড়ক থেকে ওই বিক্রয়কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মমিন উল্লাহ ওরফে শিবলু (২৩)। মমিন উল্লাহ রামগতি পৌরসভার শিক্ষাগ্রামের সেকান্দর আলীর ছেলে। তিনি রবির লক্ষ্মীপুর জেলার ডিলার (ডিস্ট্রিবিউটর) হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্সের রামগতি কার্যালয়ে বিক্রয়কর্মী (ডিএসআর) হিসেবে কর্মরত আছেন। তাঁকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমলনগর থানার পুলিশ তোরাবগঞ্জ বাজারের মুঠোফোন ব্যবসায়ী মো. সুমন এবং অপর বিক্রয়কর্মী মামুনকে শনিবার রাতেই আটক করেছে।
হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্সের রামগতি কার্যালয়ের সুপারভাইজর মঞ্জুর আলম এলাহী জানান, মমিন শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে কমলনগর উপজেলার বিভিন্ন বাজারে মুঠোফোনের সিম কার্ড ও স্ক্র্যাচ কার্ড বিক্রয় এবং গ্রাহকদের (দোকানদার) কাছ থেকে রবির ইজিলোডের টাকা আনতে যান। বিকেল পাঁচটার দিকে তোরাবগঞ্জ বাজারে কাজ করার সময় তিনি নিখোঁজ হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ওই বাজারের একটি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি জানান, ঘটনার সময় মমিনের কাছে সাড়ে তিন লাখের বেশি টাকা ছিল।
মমিনের বাবা সেকান্দর আলী জানান, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গতকাল দুপুরে একবার চেতনা ফিরে এলে মমিন তাঁকে জানান, শনিবার বিকেল পাঁচটায় তোরাবগঞ্জ বাজারে কাজ করার সময় রাস্তার ওপর অপরিচিত তিনজন লোক মুঠোফোনের সিম কেনার জন্য তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। কথা বলতে বলতে একপর্যায়ে বাজারের উত্তর পাশে যাওয়ার পর ওই তিনজনের একজন তাঁর মুখের কাছে একটি রুমাল নাড়া দেন। ওই সময় তিনি তীব্র গন্ধ পান। তারপর কী হয়েছে, তা তিনি বলতে পারেন না।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফজালুর রহমান বলেন, চেতনানাশক প্রয়োগ করে মমিনকে অচেতন করা হয়েছিল বলে তিনি ধারণা করছেন। এখন তিনি শঙ্কামুক্ত।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সুস্থ হওয়ার পর মমিনের বক্তব্য নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।