রুমায় ওসিকে প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধের ঘোষণা
বান্দরবানের রুমা উপজেলায় গতকাল শুক্রবার পুলিশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সদস্যকে মারধর করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুমা থেকে প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধ ঘোষণা করেছে এলাকার লোকজন।
স্বেচ্ছাসেবক লীগ ও পিসিপি দাবি করেছে, থানার লেকে আটক একজন মাছচোরের পক্ষ নিয়ে পুলিশ লেকের ইজারাদার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পিসিপি সদস্যকে মারধর করে থানায় নিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন থানা ঘেরাও করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তবে পুলিশ মাছচোরের পক্ষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, থানার ক্যানটিনে নিয়ে এসে একজনকে মারধর করা হচ্ছিল। বাধা দেওয়ায় তারা পুলিশের ওপরও চড়াও হওয়ায় দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের কোনো মারধর করা হয়নি।
রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ক্যহ্লা মারমা বলেন, থানার লেকটি তিনি পাঁচ বছরের জন্য ইজারা নিয়েছেন। গতকাল সকালে তিনি ও তাঁর ভাগনে মংহাইনু মারমা (পিসিপি সদস্য) লেকে গেলে তাঁরা একজন মাছচোরকে আটক করেন। পুলিশ ওই চোরকে ছেড়ে দেয় এবং চোরের পক্ষ নিয়ে তাঁদের মারধর করে থানায় নিয়ে যায়।
জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক লুপ্রু মারমা জানিয়েছেন, চোরের পক্ষ নিয়ে দুজনকে মারধর ও আটকের সংবাদ ছড়িয়ে পড়লে লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানা ঘেরাও করে।
তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক লুপ্রু মারমা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রতন কান্তি দাশ, শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান, শ্রমিক দলের সভাপতি ক্যচিংহ্লা মারমা প্রমুখ বক্তব্য দেন।