নাটোর শহরে সংঘর্ষের সময় যুবলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। দুটি মামলার বাদী স্থানীয় আওয়ামী লীগের দুজন কর্মী ও অপরটির বাদী পুলিশ।
গত দুই দিনে নাটোর সদর থানায় মামলা তিনটি করা হয়। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন যুবলীগের কর্মী রাজীব হোসেন ও নাজমুল হোসেন।
সদর থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় তেবাড়িয়া এলাকার আওয়ামী লীগ কর্মী কামরুল ইসলাম বাদী হয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুলকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। একই এলাকার নজিমুদ্দিন বাদী হয়ে বিএনপি নেতা দুলাল ব্যাপারীকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনকে আসামি করে মামলা করেছেন। উভয় মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহিন, রুহুল কুদ্দুসের সহকারী হাফেজ শফিকুল ইসলাম, ভিপি তুষার, নাটোর পৌরসভার কাউন্সিলর জাহিদ এবং সোহাগকে আসামি করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ২৩ জনকে আসামি করে ৫৪ ধারায় একটি মামলা করেছে।
পুলিশ ঘটনার পর থেকে টানা অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলামসহ ২৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল দুপুরে তাঁদের জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেন।
রুহুল কুদ্দুস তালুকদার এই মামলায় তাঁকে আসামি করার বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ। ঈদ ছাড়া গত দেড় বছরে আমি নাটোরে যাইনি। ঘটনার সময়ও আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে আসামি করা হয়েছে। এটা অন্যায় ও অমানবিক।’