রুহুলকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে স্কুলছাত্রীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোর রুহুল আমিন রাহুলকে (১৪) গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। গতকাল শনিবার তাকে হবিগঞ্জ শিশু ও কিশোর আদালতে হাজির করা হলে বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ নির্দেশ দেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী গত ২৬ আগস্ট স্কুল ছুটি শেষে তার সহপাঠীর সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় পথে রুহুল তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কিল-ঘুষি মারে। এ ঘটনা কয়েকজন মুঠোফোনে ভিডিও করে। এ ভিডিও চিত্র গত বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দেখে পুলিশ গত শুক্রবার রুহুলকে গ্রেপ্তার করে।
গত শুক্রবার রাতে হবিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে থানায় মামলা করেন ছাত্রীর বাবা। গতকাল দুপুরে রুহুলকে হবিগঞ্জ সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। ওই আদালত মামলাটি হবিগঞ্জ শিশু ও কিশোর আদালতে স্থানান্তর করেন। আদালত তাকে গাজীপুর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়ে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৩০ সেপ্টেম্বর।