রুয়েটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রামেকের ওয়ার্ডমাস্টার মোশারফ হোসেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল বলে তিনি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নীরব ও সাধারণ সম্পাদক তপুর সমর্থকদের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্র জানায়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবদুল হামিদ হলের ভেতর থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন জানান, ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।