রূপগঞ্জ ও টঙ্গীবাড়িতে দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মহসিন মোল্লা (২৬) নামের এক ঠিকাদার ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসেন আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে।
এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দ্বীপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে মোফাজ্জল হোসেন (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকালে গোবিন্দপুর এলাকায় মহসিন মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মহসিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোসেন আলী (৩৫) নামের একজনকে গোবিন্দপুর এলাকা থেকে আটক করেছে। হোসেন ওই এলাকার আবদুল হাইয়ের ছেলে। নিহত মহসিন একই এলাকার সাদেক মোল্লার ছেলে।
টঙ্গীবাড়ি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দ্বীপাড়া গ্রামের জুলহাস দেওয়ানের ছেলে মোফাজ্জল হোসেনের স্থানীয় কুন্ডের বাজারে একটি ওষুধের দোকান (ফার্মেসি) রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে আসামাত্র দুর্বৃত্তরা তাঁর গলা কেটে রাস্তার পাশে ফেলে চলে যায়। তাঁর গোঙানির শব্দ শুনে গ্রামের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। মোফাজ্জলের বাবা জুলহাস দেওয়ান বলেন, তাঁর ছেলের কোনো শত্রু নেই। কে কী কারণে তাঁর ছেলেকে হত্যা করেছে—তা তিনি বুঝতে পারছেন না। টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।