রূপগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী আশুলিয়ায় উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত সবুজ মিয়া (২৬) নামের এক কেবল ব্যবসায়ীকে সাভারের আশুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকা থেকে ব্যবসায়ী সবুজ মিয়া অপহৃত হন। তিনি ওই এলাকার সাত্তার মিয়ার ছেলে। আঁখি কেবল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গতকাল কালাদি এলাকার এফ খাঁন ফিলিং স্টেশনের সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারে ৪-৫ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে সবুজ মিয়াকে অপহরণ করে। বিকেল চারটার দিকে সবুজ মিয়ার মোবাইল ফোন থেকে কল করে অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়া না হলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সবুজ মিয়াকে উদ্ধার করে। তবে, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।