রূপগঞ্জে আ.লীগ নেতাকে মারধর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী মারধরের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের চনপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জায়েদ আলী গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে নিজ বাড়ি কায়েতপাড়ার পূর্বগ্রামে যাচ্ছিলেন। পথে চনপাড়া মোড়ে ইউনিয়ন যুবলীগের নেতা হেলাল উদ্দিন তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হেলাল তাঁকে থাপ্পড় ও ঘুষি মারতে থাকেন। এ সময় লোকজন এগিয়ে এসে দুজনকে শান্ত করেন।
হেলাল উদ্দিন বলেন, ‘জায়েদ আলী দলের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি চনপাড়া বস্তি থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রায়ই প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ বিষয়ে জিজ্ঞেস করায় আমার ওপর চড়াও হন তিনি। এ কারণে আমিও তাঁর ওপর চড়াও হয়েছি।’
জায়েদ আলী বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ১ কোটি টাকার কাজের টেন্ডার পেয়েছি আমি। এ কারণে হেলাল আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’