রূপগঞ্জে আরও গুলি ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকে তল্লাশি চালিয়ে এসএমজির আরও ২০০ গুলি, শটগানের ৪০টি কার্তুজ ও ১২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এসব উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ২ জুন পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর প্রায় সাত দিন লেকের পানি সেচে তল্লাশি চালানো হয়। লেকের পানিতে আর কোনো অস্ত্র না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। গত সোমবার খায়রুল নামের এক ব্যক্তি লেকের পাড়ের ঝোপে গিয়ে পলিথিনে মোড়ানো অস্ত্র দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঝোপের ভেতর থেকে মাটি খুঁড়ে ছয়টি এসএমজি উদ্ধার করে। আরও অস্ত্র গোলাবারুদ আছে কি না, তা খতিয়ে দেখতে ঝোপ পরিষ্কার করে তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়। গতকাল দুপুরে ঝোপ পরিষ্কার করে এসএমজি উদ্ধারের স্থল থেকে ৫০০ গজ দূরে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে এসএমজির ২০০ গুলি, শটগানের ৪০টি কার্তুজ এবং ১২টি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।

গত ৩০ মে রূপগঞ্জ থানার এএসআই শাহজাহান খান দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকায় অভিযান চালিয়ে শরীফের বসতঘর থেকে একটি এসএমজি উদ্ধার করেন। ওই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে শরীফকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ১ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ জুন ৩ নম্বর সেক্টরের ব্লু-সিটি নামে একটি আবাসন কোম্পানির বালুর ভেতর থেকে দুটি এসএমজি, পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পানি থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মোট ৭৪টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, ৫৪টি হ্যান্ড গ্রেনেড, তিনটি হাই ফ্রিকোয়েন্সি নন ট্রেকার ওয়াকিটকি, পাঁচটি পিস্তল, ৬০টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, ডেটোনেটর এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতেই উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় অভিযান চালিয়ে মুরাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ৩ জুন শীতলক্ষ্যা নদীর বাসুন্দা এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় পাঁচটি এসএমজি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।