রূপগঞ্জে এলএমজি উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলএমজি উদ্ধারের ঘটনায় গতকাল বুধবার শরীফ মিয়া নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শরীফ মিয়া রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বগলা এলাকার বাসিন্দা। গতকাল বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, এলএমজি ভারী অস্ত্র। কীভাবে এ অস্ত্রটি এসেছে, এর সঙ্গে কারা কারা জড়িত, তাদের কাছে আরও অস্ত্র আছে কি না, এসব বিষয়ে শরীফ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, শরীফ মিয়া তাঁদের হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ একদল পুলিশ দাউদপুর ইউনিয়নের বগলা এলাকায় শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান শরীফ মিয়া। তাঁর বাড়ি থেকে একটি অত্যাধুনিক এলএমজি উদ্ধার করা হয়। এ ধরনের অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ও জেএমবি সদস্যরা ব্যবহার করে থাকেন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন।