রূপগঞ্জে গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনে আছমা আক্তার নামের এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আছমার বাবা মোকসেদ মিয়া গত বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলাটি করেছেন।
মোকসেদ মিয়া জানান, তিন বছর আগে আছমাকে ফুসলিয়ে দক্ষিণ রূপসী এলাকার কাইয়ুম নবীর ছেলে নুর মোহাম্মদ ওরফে হৃদয় বিয়ে করেন। এক বছর ধরে কাইয়ুম ছেলেকে বিদেশ পাঠানোর জন্য তাঁদের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আছমাকে মারধর করতেন। ২০ ডিসেম্বর বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁকে আবারও চাপ দেওয়া হয়। এবারও টাকা দিতে অস্বীকৃতি জানালে নুর মোহাম্মদ, কাইয়ুম নবী ও শাশুড়ি নাজমা বেগম আছমাকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাঁরা আসমাকে ঢাকার বাড্ডায় আত্মীয়ের বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় ডেমরা বাঁশেরপুল মেডিহেলথ হাসপাতালে তাঁকে ভর্তি করেন। ২২ ডিসেম্বর সেখানে আছমার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।