রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাকি আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা (ইসলামপুর) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী-শ্বশুরসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
লাকি আক্তার উপজেলার তাড়াইল এলাকার ইব্রাহীম মিয়ার মেয়ে।
রূপগঞ্জ থানার এসআই খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে রানীপুরা (ইসলামপুর) এলাকায় শ্বশুরবাড়িতে লাকির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাকির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লাকির বাবা ইব্রাহীম মিয়া বলেন, দেড় মাস আগে রানীপুরা (ইসলামপুর) এলাকার আলম মিয়ার ছেলে নাঈম মিয়ার সঙ্গে লাকির বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাঈম মিয়া ও আলম মিয়া যৌতুক হিসেবে একটি অটোরিকশা দাবি করছিলন। তিনি (ইব্রাহীম) গরিব বলে ওই অটোরিকশা দিতে পারছিলেন না। এরপরও মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের কাছে অটোরিকশা কিনে দেওয়ার জন্য সময় চেয়েছিলেন তিনি।