রূপগঞ্জে চুরি যাওয়া গাড়ি উদ্ধার, আটক ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি যাওয়া সাড়ে ২২ লাখ টাকার রপ্তানিজাত পোশাকসহ একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া পোশাকগুলো গাজীপুরের এলজেড গ্রুপের মিনি ম্যাক্স গার্মেন্টসের। মিনি ম্যাক্স গার্মেন্টসের স্টোর ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের জয়দেবপুরের এলজেড গ্রুপের মালিকানাধীন মিনি ম্যাক্স গার্মেন্টস থেকে বিদেশে রপ্তানির জন্য ১২৫০ কার্টন লেডিস প্যান্ট নিয়ে সাউদিয়া পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম বন্দরের দিকে রওনা হয়। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন-রূপসী সড়কের আতলাশপুর এলাকায় গাড়ির চালক ইয়াছিনের সহায়তায় স্থানীয় বলাইখা এলাকার মালেক মিয়া, মোমেন, নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজন আকরাম হোসেনের ভাড়া দেওয়া প্রাণ কোম্পানির একটি গুদামে পোশাকসহ গাড়িটি লুকিয়ে রাখে। এরপর ঘটনাটি তিনি (জাহিদুল) রূপগঞ্জ থানার পুলিশকে জানান। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ আতলাশপুর এলাকার ওই গুদামে অভিযান চালিয়ে পোশাকসহ গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মালেক মিয়া, মোমেন ও নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাণ কোম্পানির কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘আমরা স্থানীয় আকরাম হোসেনের কাছ থেকে এ গুদাম ভাড়া নিয়েছি। প্রায় সময়ই আকরাম হোসেনের ভাতিজা হযরত আলীসহ কয়েকজন আমাদের বাধা-নিষেধ উপেক্ষা করে উল্টো ভয়ভীতি দেখিয়ে অপকর্ম করে আসছিল। এ ঘটনা আমরা পুলিশকে অবহিত করলে তারা পোশাকসহ গাড়িটি উদ্ধার করে।’