রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশুকে পিটুনি?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
ওই শিশুর নাম রিফাত হাসান (১০)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শিশুটির মা হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, তিনি ভোলাব গ্রামের কবির হোসেনের স্ত্রী। তিনি প্রায় ১৪ বছর ধরে ভোলাব এলাকায় আওয়ামী লীগের নেতা আবুল হোসেন খানের বাড়িতে কাজ করে আসছেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে তিনি আবুল হোসেনের বাড়িতে কাজ করতে যান। আবুল হোসেন খান হঠাৎ ঘুম থেকে উঠে তাঁর পকেট থেকে এক হাজার টাকা চুরি হয়েছে বলে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে রিফাত হাসান সেই টাকা চুরি করেছে বলে অপবাদ দেন আবুল হোসেন। পরে রিফাতকে বাড়ি থেকে ডেকে এনে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আবুল হোসেন।
হোসনে আরা বেগম আরও বলেন, ‘আমার ছেলে টাকা চুরি করেনি। তিনি (আবুল হোসেন) মিথ্যা অপবাদ দিয়ে আমার সন্তানকে নির্যাতন করেছেন।’
অভিযোগের বিষয়ে আবুল হোসেন খান বলেন, ‘চুরি করেছে বলে ওই ছেলেকে শাসন করেছি।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।