রূপগঞ্জে ছিনতাই হওয়া কাপড় ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া কাপড় গত শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জ উপজেলার মদনপুর-ভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের দাউদপুর ইউনিয়নের পলখান এলাকা থেকে কাপড়সহ কাভার্ড ভ্যান ছিনতাই হয়। শনিবার রাতে ঢাকার উত্তরা থেকে ছিনতাই হওয়া কাপড় উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়া এলাকার স্মাইল অ্যাপারেলস কোম্পানির প্রায় ১৯ লাখ টাকার কাপড় ময়মনসিংহের ভালুকার এনার্জি নিট কম্পোজিট কারখানা থেকে কাভার্ড ভ্যানে তোলা হয়। এরপর সেগুলো নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীর নিট হোম কোম্পানিতে নেওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জের ঢাকা বাইপাস সড়কের দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় প্রাইভেট কারে করে এসে চার-পাঁচজন কাভার্ড ভ্যানটির গতিরোধ করেন। এ সময় তাঁরা নিজেদের ডিবির সদস্য পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানের চালক হেলাল শিকদারের হাত-পা বেঁধে তাঁকে প্রাইভেট কারে তোলেন। এরপর কাভার্ড ভ্যানটি ছিনতাই করা হয়।