রূপগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিন রানার ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। গতকাল উপজেলার বটতলা এলাকায় এ বিক্ষোভ করা হয় l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিন রানার ওপর হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। গতকাল উপজেলার বটতলা এলাকায় এ বিক্ষোভ করা হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় গতকাল সোমবার ভোরে আলাতুন নেছা (৭৫) নামের এক নারী খুন হয়েছেন। আলাতুনের মেয়েজামাই ও তাঁর সহযোগীরা ছুরিকাঘাতে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আলাতুন নেছার স্বামী রেজাউর রহমান বলেন, আট বছর আগে তাঁর মেজ মেয়ে মাজেদা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। তখন মুন্না নামের এক সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন মাজেদা। এর এক বছর পর একই এলাকার জাহিদুল ইসলামের পালিত ছেলে তোফাজ্জল হোসেনের সঙ্গে মাজেদার বিয়ে হয়। এ সময় তিনি (রেজাউর) মুন্নার নামে একটি ব্যাংকে চার লাখ টাকা গচ্ছিত রাখেন। মাজেদার নামেও এক বিঘা জমি লিখে দেন। প্রথম দিকে মাজেদার সঙ্গে ভালো আচরণ করলেও পরে যৌতুকের জন্য তাঁকে মারধর শুরু করেন তোফাজ্জল। বর্ষা নামে তাঁদের এক সন্তান রয়েছে। নির্যাতনের একপর্যায়ে তোফাজ্জল সংসারের ভরণপোষণ বন্ধ করে দিলে মাজেদা পোশাক কারখানায় চাকরি নেন। তারপরও তোফাজ্জল বেতনের টাকা নেওয়ার জন্য মাজেদাকে মারধর করতেন। দুই বছর ধরে তোফাজ্জল মাদকাসক্ত। তিনি সংসারের বিভিন্ন জিনিসপত্রও বিক্রি করে দিয়েছেন। কয়েক দিন ধরে মুন্নার নামে ব্যাংকে রক্ষিত টাকা দেওয়ার জন্য মাজেদাকে চাপ দিচ্ছিলেন তোফাজ্জল। অন্যথায় মুন্নাকে হত্যার হুমকি দেন তিনি। এরপর মুন্না নানার বাড়িতে চলে যায়। রোববার রাতে তোফাজ্জল টাকার জন্য মাজেদাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে মাজেদা পাশের বাড়ি থেকে মা আলাতুন নেছাকে ডেকে নিয়ে রাতে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে চারটার দিকে তোফাজ্জল ও তাঁর দুই সহযোগী সানোয়ার হোসেন ও আতাবুর রহমান ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই স্ত্রী ভেবে শাশুড়ি আলাতুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তোফাজ্জল ও তাঁর সহযোগীরা। এ সময় মায়ের চিৎকারে মাজেদা উঠে গেলে তাঁকেও ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় বর্ষার চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আলাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে পালানোর সময় এলাকাবাসী সানোয়ার ও আতাবুরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তোফাজ্জলকে ধরার চেষ্টা চলছে।