রূপগঞ্জে জালালউদ্দিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালালউদ্দিন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইকবাল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে আড়াইহাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইকবাল রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার নেয়ামত উল্লাহ্র ছেলে।
এদিকে জালাল উদ্দিন হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কেউ মামলা করেননি। তবে জালালউদ্দিন হত্যার ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহত জালালউদ্দিনের ছোট ভাই মামুন বলেন, ‘সন্ত্রাসীদের ভয়ে আমরা এখনো অভিযোগ করার সাহস পাচ্ছি না। সন্ত্রাসীরা মামলা না করার জন্য নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’
উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার নজরুল ইসলাম ওরফে বাবু হত্যা মামলার আসামি মুড়াপাড়া ডিগ্রি কলেজের সহসভাপতি (ভিপি) সোহেল ও তাঁর লোকজন সম্প্রতি জামিনে মুক্তি পান। তাঁরা গত বৃহস্পতিবার দুপুরে ওই মামলার বাদী নিহতের বাবা জালালউদ্দিনকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করেন। পরে তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর বাঁ চোখ তুলে নেওয়া হয়। সোহেল ছাত্রলীগের প্যানেলে কলেজের ভিপি নির্বাচিত হন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জালালউদ্দিন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর নিহত জালালউদ্দিনের জানাজা শেষে মাছিমপুর এলাকায় তাঁর লাশ দাফন করা হয়েছে। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কেউ মামলা করেননি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকারিয়া বলেন, জালালউদ্দিন হত্যাকাণ্ডের সময় ইকবাল ঘটনাস্থলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।