রূপগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপগঞ্জে সংঘর্ষের একপর্যায়ে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
রূপগঞ্জে সংঘর্ষের একপর্যায়ে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫টি বসতঘর ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত রোববার উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার মোশারফ হোসেনের একটি মুঠোফোন একই এলাকার শামীম ও পাশের দুয়ারা এলাকার ফারুক চুরি করেন। এই ঘটনায় রোববার রাতে বেলদী গ্রামের লোকজন ফারুককে দুয়ারা এলাকা থেকে ধরে আনতে গেলে সেখানে উভয় গ্রামের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বেলদী এলাকার কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এ সময় বেলদীর লোকজনও বেশ কয়েকটি অটোরিকশা, ঠেলাগাড়ি, বসতঘর ও দোকানপাট ভাঙচুর করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় শিমুলিয়া হাটে গরু বিক্রি করে ফেরার পথে দুয়ারা গ্রামের কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন বেলদী গ্রামের লোকজন।

এই ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টার দিকে বেলদী বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুয়ারা গ্রামের লোকজনকে বের করে দেওয়া হয়। এতে দুয়ারা গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলদী গ্রামে হামলা চালান। এ সময় তাঁরা কয়েকটি বসতঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। সাতটি ঠেলাগাড়ি পানিতে ডুবিয়ে দেওয়া হয়। দুই দল গ্রামবাসীর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।