মণ্ডপে অতিথি বরণ করা নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং একটি কার্যালয়সহ দুটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় রূপগঞ্জ থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি চারটি মামলা করেছে। আরও হামলা ও গ্রেপ্তারের ভয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে দুর্গাপূজার নবমী উৎসবে নাওড়া গ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের লোকজন অভ্যর্থনা জানিয়ে মন্দিরে নিয়ে যেতে চাইলে শ্রীশ্রী শ্মশান মন্দিরের পূজা কমিটির সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে কমিটির সদস্যরা অতিথিদের শ্মশান মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগের সমর্থক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের দেহরক্ষীরা শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। রফিকুলও নিজের পিস্তল থেকে দুটি ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে পুলিশ পাহারায় সাংসদসহ অতিথিরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পরপরই শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের পক্ষে অবস্থান নেন স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া। আর শ্রীশ্রী শ্মশান মন্দিরের পক্ষে অবস্থান নেন ইউপি চেয়ারম্যান রফিকুল। এরপর থেকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন মোশারফ হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেন। গত মঙ্গল ও বুধবার উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় এলাকায় মহড়া দেওয়া শুরু করেন। এ সময় রফিকুলের পক্ষের ৩০-৪০ জন লাঠিসোঁটা নিয়ে বিধান চন্দ্র রায়, দিলীপ বাবু, জয় গোবিন্দ, সাবেক ইউপি সদস্য হোসেনের বাড়িসহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে তাঁরা মোশারফ ও দিলীপ চন্দ্রের বাড়িতে আগুন দেন। এ সময় সুরেশ চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র রায়, জ্ঞানচন্দ্র রায়, লাল মোহনসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে আহত করা হয়। এ ছাড়া মোশারফের ২০-২৫ জন সমর্থক সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের রিপন চন্দ্র সরকারসহ বেশ কয়েকজনের বসতবাড়িতে হামলা করেন। এরপর তাঁদের পিটিয়ে আহত করা হয়। এসব ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় পাল্টাপল্টি চারটি মামলা করে। গ্রেপ্তার ও আবারও হামলার আশঙ্কায় অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন।