রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার ভোলানাথপুর নিলা মার্কেটে ঘটে এ ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলমের সঙ্গে স্থানীয় আলমাছ ও তাঁর লোকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বিকেল চারটার দিকে আলমাছের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল নিলা মার্কেটে ফেরদৌসী আলমের কার্যালয়ে হামলা চালায়। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে ফেরদৌসী আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল প্রথম আলোকে বলেন, আলমাছের নেতৃত্বে তাঁদের নেতা-কর্মীদের ওপর এ হামলা হয়।
আলমাছ বলেন, মহিলা আওয়ামী লীগের কর্মীরা স্থানীয় দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এর প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে আটটায় জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।