রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন নিরাপত্তাকর্মীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলিয়া এলাকায় ইউরো গ্যাস কোম্পানির নির্মাণাধীন আঞ্চলিক কার্যালয়ে বালু ভরাটের কাজ চলছে। স্থানীয় কাজীরবাগ এলাকার রিপন মিয়া ও বিপ্লব হোসেন বালু ভরাটের কাজ করতে চান। কিন্তু তাঁরা এ জন্য বাজারের চেয়ে অনেক বেশি দাম হাঁকেন। কোম্পানি কর্তৃপক্ষ তাঁদের কাজ দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে রিপন ও বিপ্লবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল কোম্পানিটির ওই আঞ্চলিক কার্যালয়ে হামলা করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। ধারালো অস্ত্রের আঘাতে নিরাপত্তাকর্মী নাঈম মিয়ার (৩৩) ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে। আহত অন্য ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউরো গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বালু ভরাটের কাজ না পেয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাঈমকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রিপন ও বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।