রূপগঞ্জে নারীসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তারাব পৌরসভার বিশ্বরোড খালপাড় এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী, কবির হোসেন, হাসনা বেগম, ছানোয়ারা বেগম ও হায়দার আলী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি বিশ্বরোড খালপাড় এলাকায়।
আহত মোহাম্মদ আলী বলেন, ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটে কবির ট্রেডার্স নামে তাঁর মশারি বিক্রির দোকান রয়েছে। তিনি একই এলাকার আক্তারুজ্জামান মাল্টিপারপাস নামের সমবায় সমিতিতে পাঁচ লাখ টাকা সঞ্চয় করেন। আক্তারুজ্জামান দীর্ঘদিন ধরে এ টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সঞ্চয়ের টাকা ফেরত চাইতে গেলে আক্তারুজ্জামান অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আক্তারুজ্জামান ও কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর (মোহাম্মদ আলী) পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাঁকেসহ পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।