রূপগঞ্জে বিএনপির সভা বন্ধ করে দিল পুলিশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রয়াত নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর স্মরণে আয়োজিত সভা ও ইফতার অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিএনপির নেতারা বলছেন, স্থানীয় কাঞ্চন ভরত চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আজ সোমবার স্মরণসভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন। কিন্তু পুলিশ গতকাল রোববার তা বন্ধ করে দিয়েছে।

কাঞ্চন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান বলেন, গতকাল বিকেলে রূপগঞ্জের কৃতী সন্তান আবদুল মতিন চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের উপস্থিত থাকার কথা ছিল। গতকাল বিকেলে মাঠে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছিল। হঠাৎ ভোলাব উপ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহাদাৎ হোসেন একদল পুলিশ নিয়ে অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সেখান থেকে বের করে দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, অনুষ্ঠানে প্রায় ১০ হাজার লোক আসার কথা ছিল। এ জন্য সব আয়োজনও সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় দলের নেতা-কর্মীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কাঞ্চন ভরত চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, আবদুল মতিন চৌধুরীর স্মরণসভা ও ইফতার অনুষ্ঠানের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে গতকাল বিকেলে কাঞ্চন ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বন্ধ করার জন্য চাপ দেয়। প্রশাসনের নির্দেশে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান না করার জন্য বলা হয়।

অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নেই। বাধা দেওয়ার ঘটনাও আমার জানা নেই।’