রূপগঞ্জে বিধবাকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ গত বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে।
উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজিয়া বেগম। মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার মৃত আয়েত উল্লাহ মিয়ার স্ত্রী। তাঁদের চার ছেলেমেয়ে আছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাজিয়ার স্বামী প্রায় ১০ বছর আগে মারা যান। এরপর রাজিয়া বেগম হাউলিপাড়া এলাকার নাসিরউদ্দিন নামে এক ব্যক্তির পতিত জমিতে ঘর তৈরি করে বসবাস শুরু করেন। সম্প্রতি নাসিরউদ্দিন অসুস্থ হন। তখন থেকে রাজিয়া তাঁকে চিকিৎসকের কাছে আনা-নেওয়া করতেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসক দেখিয়ে নাসিরউদ্দিন ও রাজিয়া বেগম বাড়ি ফিরছিলেন। পথে হাউলিপাড়া এলাকার আয়েত উল্লাহ মোল্লার পুকুর পাড়ে পৌঁছালে রাজিয়া বেগমের ওপর দুর্বৃত্তরা হামলা করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাসিরউদ্দিনের তিন ছেলে বুলবুল, ইব্রাহিম, আরমানসহ সাতজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাসিরউদ্দিনের তিন ছেলে ও তাঁদের চার বন্ধুকে আটক করেছে।