রূপগঞ্জে ভায়রার বাড়িতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভায়রার বাড়িতে বেড়াতে এসে হৃদয় দাস (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ইছাপুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

হৃদয় দাস নরসিংদী সদর উপজেলার কারারচর এলাকার নন্দলাল দাসের ছেলে। তাঁর পরিবারের দাবি, হৃদয় দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার রাতে ইছাপুড়া এলাকায় হৃদয় দাস তাঁর ভায়রার বাড়িতে আসেন। রাতে ওই বাড়িতে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হৃদয়ের মুখে বিষ পাওয়া গেছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হয়েছে।

হৃদয় দাসের বাবা নন্দলাল দাস অভিযোগ করেন, তাঁর ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করে হৃদয় দাসের ভায়রা রুহি দাস বলেন, হৃদয় বিষ পানে আত্মহত্যা করেছেন।