রূপগঞ্জে ভুয়া ডিবি সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল রোববার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তাদের মধ্যে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আটক ব্যক্তির নাম আবু সাঈদ (৩৫)। তিনি বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ আলেকান্দা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম মিয়া বলেন, আবু সাঈদ ও তাঁর তিন সহযোগী গতকাল দুপুর ১২টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে উপজেলার মদনপুর-ভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের লালমাটি এলাকায় অবস্থান নেন। এ সময় অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল অতিক্রম করছিলেন রঘুরামপুর এলাকার সুলতান মিয়ার ছেলে জাহিদুল ইসলাম। প্রতারক চক্রটি অটোরিকশাটির গতি রোধ করে। পরে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে অটোরিকশায় তল্লাশি শুরু করেন এবং জাহিদুলের হাতে হাতকড়া পরান। কিন্তু এলাকাবাসী জড়ো হয়ে ওই ব্যক্তিরা কোন এলাকার পুলিশ সদস্য জানতে চান। তখন একেকজন একেক ধরনের উত্তর দিলে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরিচয়পত্রও দেখাতে পারেননি তাঁরা। একপর্যায়ে প্রাইভেট কারে করে আবু সাঈদের তিন সহযোগী পালিয়ে যান। তবে এলাকাবাসীর হাতে আবু সাঈদ ধরা পড়েন। তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ বলছে, এই চক্রটি একই কায়দায় ওই এলাকা থেকে ইতিমধ্যে ১০-১২টি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। গতকালের ঘটনায় অটোরিকশাচালক জাহিদুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।