রূপগঞ্জে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ভুলতা এলাকার কালা চাঁন পালবাড়ী মন্দিরে এ ঘটনা ঘটে।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল বলেন, কালা চাঁন পালবাড়ী মন্দিরে রাধা-কৃষ্ণ নামে একটি মন্দির আছে। মন্দিরের ভেতরে কুঞ্জ তৈরি করে প্রায়ই কীর্তন করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে চার-পাঁচটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে প্রথমে কীর্তনের কুঞ্জে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা রাধা-কৃষ্ণ মন্দিরে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। এ সময় মন্দিরে আগুন দেখে এক রিকশাচালক স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের খবর দেন। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।
জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিহিংসামূলকভাবে একটি চক্র মন্দিরে হামলা চালিয়েছে বলে আমরা ধারণা করছি।’
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’