নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল শুক্রবার রাতে একজন ইমামকে মসজিদে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়ার মাটি মসজিদে এশার নামাজের সময় ইমাম আবদুল মজিদ দেওয়ানকে (৭২) হত্যা করা হয়। হাবিবুর মিয়া নামে এক ব্যক্তিকেও কোপানো হয়।
নিহত আবদুল মজিদ দেওয়ানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর এলাকায়। ২০-২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়ায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এশার নামাজ পড়ার সময় আবদুল মজিদকে একই এলাকার জহিরুল ইসলাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে হাবিবুরকেও কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। জহিরুল মানসিক রোগী। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সজীব বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবদুল মজিদ মারা যান। তাঁর গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে ৮ মে রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামে দুর্বৃত্তরা আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে।