রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির হোসেন (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গত শনিবার রাত দুইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। মনির হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের খোকন মিয়ার ছেলে।
মনির হোসেনের মা খাদিজা বেগম জানান, মনির টেইলার্সে কাজ করতেন। এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী মিল্লাত ও তার সহযোগীরা মিলে তার ছেলেকে হত্যা করেছে। মনির হোসেন চনপাড়া রাসেল নগর ইউনিয়ন প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেন তিনি। তিনি ছেলে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে নিহত মনির হোসেনের বন্ধু মাক্কি মিয়ার সঙ্গে মাদক ব্যবসায়ী মিল্লাতের ঝগড়া হয়। মনির হোসেন, মাক্কি মিয়া ও মিল্লাত চনপাড়া শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের অনুসারী। ঝগড়ার ঘটনায় রাতেই শাহাবুদ্দিন বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও ব্যর্থ হন। এ ঘটনার জের ধরে রাত দুইটার দিকে মনির হোসেনকে বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাত করলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। সম্প্রতি শাহাবুদ্দিন জেল থেকে জামিনে বেরিয়ে আসেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।