রূপগঞ্জে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় গতকাল বুধবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগের দুই নেতা আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা গ্রামের বাসিন্দা আল আমিন ভুঁইয়া ও শফিকুল ইসলাম। দলীয় সূত্রে জানা যায়, আল আমিন ও শফিকুল গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি পদপ্রত্যাশী।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের নেতা আল আমিন ভুঁইয়া ও কামাল হোসেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদের দাবিদার। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে গতকাল বিকেলে গোলাকান্দাইল এলাকায় কামাল হোসেন ও তাঁর লোকজন আল আমিনকে কুপিয়ে জখম করেন। এ সময় শফিকুল ইসলাম বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান বলেন, এখনো গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়নি। যাচাই-বাছাইয়ের পর সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।