রূপগঞ্জে যুবলীগের হামলায় দুই এসআইসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে যুবলীগের কর্মীদের হামলায় দুই উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বদরুল আলম মোল্লার পিকআপ ভ্যান ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় যুবলীগের কর্মীরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কর্তব্য পালনের উদ্দেশ্যে গাড়ি রিকুইজিশনের (বিশেষ প্রয়োজনে নেওয়া) জন্য তারাব বিশ্বরোড গোলচত্বর এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার একটি নোয়া মাইক্রোবাস আটক করলে তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন জিয়া অনুরোধ না রাখায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আবদুল আউয়াল। তিনি সার্জেন্ট জিয়াসহ একজন কনস্টেবলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। পরে ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশের সহযোগিতায় এগিয়ে এসে আবদুল আউয়ালকে এএসপি বদরুল আলম মোল্লার সামনে নিয়ে আসেন। সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যুবলীগের কর্মীরা। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালান তাঁরা। এ সময় এএসপি বদরুল আলম মোল্লার পিকআপ ভ্যানের গ্লাস ভাঙচুর করা হয়।
একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের দুটি দলকে অবরুদ্ধ করেন। আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশের আলাদা তিনটি টহল দল অবরুদ্ধ পুলিশ সদস্যদের ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে গেলে যুবলীগের কর্মীরা তাঁদের ওপর আক্রমণ করেন। এতে রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন ও শাজাহান মিয়া, পুলিশ কনস্টেবল খোরশেদ আলম ও কেবল চন্দ্র সরকার আহত হন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদি মাসুদ বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসপি বদরুল আলম মোল্লা বলেন, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিজিবি, র্যা ব, নির্বাহী ও বিচারিক হাকিম এবং পুলিশের জন্য মাইক্রোবাস রিকুইজিশন করতে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল বলেন, ‘কেন গাড়ি রিকুইজিশন করা হচ্ছে জিজ্ঞেস করলে পুলিশ এসে আমাকে পুলিশ বক্সে নিয়ে বসিয়ে রাখে। এ খবর পেয়ে আমার দলের কয়েক শ কর্মী-সমর্থক এসে সেখানে বিক্ষোভ করে।’ পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমার কয়েক শ লোকজন ছুটে এসেছে, তাই তাদের ইটপাটকেলে গাড়ি ভাঙচুর ও হামলায় কেউ আহত হয়ে থাকতে পারেন।’