রূপগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে বাবলী আক্তার (১৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব জেলেপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে গতকাল শুক্রবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী রাশেদুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ।
বাবলী উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব দক্ষিণবাড়ৈ এলাকার বাবুল মিয়ার মেয়ে। বাবুল মিয়া বলেন, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বাবলীকে বিয়ে করেন রাশেদুল। বিয়ের পর থেকেই বাবলীকে নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। দুই মাস আগে রাশেদুল এলাকায় ওয়ার্কশপ তৈরির জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় বাবলীর ওপর নির্যাতন শুরু করেন রাশেদুল। যৌতুকের জন্য গত বৃহস্পতিবার বিকেলে বাবলীকে মারধর করেন রাশেদুল ও তাঁর পরিবারের সদস্যরা। রাত দুইটার দিকে রাশেদুল লোক মারফত খবর পাঠান বাবলী গুরুতর অসুস্থ। খবর পেয়ে রাতেই তিনি সেখানে ছুটে যান। রাশেদুলের বাড়িতে গিয়ে দেখেন, বাবলীর লাশ ঘরের ভেতর খাটের ওপর পড়ে আছে।
পরে পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে নিয়ে যায়। আশপাশের লোকজন রাশেদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় কৌশলে গা ঢাকা দেন রাশেদুলের বাবা আমির হোসেন ও মা রওশন আরা বেগম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য বাবলীর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বাবলীর স্বামী রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।