রূপগঞ্জে রেস্তোরাঁয় প্রতিপক্ষের হামলা, লুটপাট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। গতকাল রোববার সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সামসুল আলম বলেন, তিনি স্থানীয় আতলাপুর বাজারে রেস্তোরাঁ ব্যবসা করেন। গত শুক্রবার সকালে তাঁর ছোট বোন হাশেরা বেগমের সঙ্গে একই এলাকার আশোকতারা নামের এক নারীর কথা-কাটাকাটি হয়। তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা আজিজুল হকের বাড়িতে উভয় পক্ষকে নিয়ে সালিস বসার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে আশোকতারার ভাই নুর মোহাম্মদসহ ছয়-সাতজন দেশীয় অস্ত্র নিয়ে আতলাপুর বাজারে তাঁর রেস্তোরাঁয় হামলা চালায়।
আজিজুল হক বলেন, ‘কী কারণে নুর মোহাম্মদ ও তাঁর লোকজন শামসুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করল, তা বুঝতে পারছি না।’
রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।