রূপগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে।
বাধা দেওয়ায় ডাকাতরা শিক্ষকের ছোট ভাই পুলিশ কর্মকর্তা সুজন চন্দ দাসকে কুপিয়ে জখম করে। বড় ভাই বাদল চৌধুরী রাজধানীর ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক।
বাদল চৌধুরী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ভোলাব ইউনিয়নের ভোলাব কালীবাড়ি এলাকায় তাঁদের পৈতৃক বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত সীমানাপ্রাচীর টপকে ঢুকে পড়ে। তিনি নিজে ওই রাতে ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর ছোট ভাই পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) সুজন। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুটে করে। বাধা দেওয়ায় এসআই সুজনকে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল নিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় পুলিশ কর্মকর্তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।