রূপগঞ্জে শিশুকে পানিতে ফেলে হত্যা মুয়াজ্জিন আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সুমাইয়া (৮) নামের এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে পুলিশ উপজেলার বরপা সুতলারা এলাকায় মসজিদের পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়ার বাবা ওয়াজিত মিয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তাঁর মেয়ে সুমাইয়া ও পাশের বাড়ির তামান্না সুতালারা মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে যায়। পড়া শেষে তামান্না বাসায় ফিরলেও সুমাইয়া ফেরেনি। শুক্রবার রাতে মসজিদের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সুমাইয়া নিখোঁজ হওয়ার পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন জহিরুল ইসলামকে (৩০) আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মসজিদের পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল বলেছেন, আরবি পড়া শেষে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য সুমাইয়াকে রাখা হয়। এ সময় সুমাইয়া মসজিদের সিঁড়ি ঝাড়ু দেওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে মারধর করতে পারে—এই ভয়ে আহত সুমাইয়াকে তুলে নিয়ে মসজিদের পাশের ডোবায় ফেলে দেন তিনি।