রূপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় ১০-১২টি যানও ভাঙচুর হয়। এতে মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার আউখাবো এলাকায় অবস্থিত রপ্তানিমুখী বেনেটেক্স (হারভেস্ট রিচ) নামক পোশাক কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছে না। শ্রমিকেরা বেতন-ভাতা দাবি করলে কর্তৃপক্ষ নানা টালবাহানা করে। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর বকেয়া বেতনের দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ বেতন-ভাতা না দিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় ১০-১২টি যানবাহনও ভাঙচুর করা হয়। এতে দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ বলপ্রয়োগের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ আহত হন কমপক্ষে ২০ জন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বেলা আড়াইটার দিকে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি ১০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ থেকে আসা মুন্সিগঞ্জগামী মালবাহী ট্রাকের চালক চাঁন মিয়া বলেন, শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে যানবাহনে হামলা চালান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বেনেটেক্স গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলন করেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।