রূপগঞ্জে সোনার দোকানে চুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারুকা জুয়েলার্স নামের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার গভীর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল গাউছিয়া মার্কেট-২-এর দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।
সংঘবদ্ধ চোরের দল দোকানের কলাপসিবল গেটের তালা ভেঙে প্রায় ৩০০ ভরি সোনা, ৮০০ ভরি রুপা ও দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
কারুকা জুয়েলার্সের মালিক তাপস বিশ্বাস বলেন, গত রোববার রাতে তাঁরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। গতকাল সোমবার সকালে তিনি দোকানে গিয়ে দেখেন, কলাপসিবল গেট খোলা। দোকানের শোকেসের ভেতরের প্রায় ৩০০ ভরি সোনা, ৮০০ ভরি রুপা নেই। ক্যাশবাক্স ভাঙা।
তাপস বিশ্বাস আরও বলেন, সোনা, রুপা, দেড় লাখ টাকাসহ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
একই মার্কেটের তৃতীয় তলায় ভুলতা পুলিশ ফাঁড়ি অবস্থিত। বিশাল এই কাপড়ের মার্কেটে প্রায় ৬০ জন নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে এই মার্কেটে রাতের বেলা চারদিক থেকে গেট বন্ধ থাকে, যার দরুন পুলিশ এর ভেতরে প্রবেশ করতে পারে না। মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’