রূপগঞ্জে সোয়েটার কারখানায় ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রপ্তানিমুখী একটি সোয়েটার কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার খৈশার এলাকার হানজালা টেক্সটাইল পার্ক লিমিটেড নামের সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার প্রকল্প ব্যবস্থাপক মামুন মিয়া বলেন, কয়েক দিন ধরে খৈশার এলাকার এস টি সাত্তার কারখানার ব্যবস্থাপক মাসুদ রানার কাছে ঈদের বকশিশ বাবদ এক লাখ টাকা দাবি করছেন। টাকা না দেওয়ায় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এস টি সাত্তারের পক্ষের ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় হামলা চালান। তাঁরা কারখানার ভেতরে অফিসের দরজা, জানালা, আসবাব, যন্ত্রপাতি ভাঙচুর ও লুটপাট করেন। এতে প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। হামলায় কারখানার ব্যবস্থাপক মাসুদ রানা ছাড়াও শুক্কুর আলী, খায়রুল ইসলাম, সফিক মিয়া, স্বপন মিয়া, খাইরুল আলম, জাহিদ, রিনা বেগম, জোলেখা আক্তার, সাথী আক্তারসহ কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। তাঁদের রূপগঞ্জ ও কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এস টি সাত্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।