রূপগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গতকাল রোববার দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষের লোকজনকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে থানা ভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল করে রেখেছেন ফরিদ উদ্দিন ও তাঁর লোকজন। সম্প্রতি এই স্ট্যান্ডের আয় স্থানীয় রূপগঞ্জ বায়তুন নুর জামে মসজিদ ও মাদ্রাসায় দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। এ নিয়ে গ্রামবাসীর পক্ষে মাসুদ রেজা (মাসুম), জাকির হোসেন মেম্বার, সৈয়দ আহমেদ, আবদুল হান্নান, কবির হোসেন, কুতুব উদ্দিন, সুমন, সেলিম, আল আমিনের নেতৃত্বে শতাধিক লোক স্ট্যান্ড দখল করতে যান। এ সময় যুবলীগের কর্মী রিপন, ফরিদ উদ্দিন ও তাঁর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে উভয় পক্ষের লোকজনকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
মাসুদ রেজা বলেন, সাত দিনের মধ্যে সিএনজি স্ট্যান্ডের আয় মসজিদ কমিটির কাছে দেওয়া না হলে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধসহ রূপগঞ্জ থানা ঘেরাও করা হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে লিখিত অভিযোগের অনুলিপিও তিনি পেয়েছেন। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হবে।