রূপগঞ্জে স্পিনিং মিলে আগুনে দগ্ধ ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় নোয়াব স্পিনিং মিলে আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুড়ে গেছে ওই মিলের বিপুল পরিমাণ সুতা, তুলাসহ নানা উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি।
দগ্ধ ব্যক্তিরা হলেন ইসমাইল (৪২), রোকনুজ্জামান (৩৭), হাফিজুল ইসলাম (১৮), নাসিমা (১৬), হাওয়া বেগম (১৮), ওয়াদুদ (২৫), আসমা (৩০) ও আফরোজা (৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আজ ভোররাত তিনটার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন কারখানার আট শ্রমিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নোয়াব স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক বি এম আতিকুর রহমানের দাবি, আগুনে কারখানার ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।