রূপগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রূপগঞ্জের তারাব পৌরসভার রবপা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বরপা এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ফরিদপুরে। মিলন শ্রমিক সরবরাহের ঠিকাদার ছিলেন।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, কক্ষ দুদিন ধরে তালাবদ্ধ দেখে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে তাঁরা মিলনের চাচাতো ভাই রুবেলকে খবর দিলে তিনি তালা ভেঙে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মিলনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।

এসআই বলেন, দুদিন আগেই দুর্বৃত্তরা মিলনকে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। নিহত ব্যক্তির মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।