রূপগঞ্জে 'বাস্তুহারা লীগের নেতা' খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় গুরুতর জখম হয়েছেন নিহত ব্যক্তির বাবা, মা ও ভাই। আজ রোববার সন্ধ্যায় কাঞ্চন চিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি এলাকায় বাস্তুহারা লীগের নেতা হিসেবে পরিচিত।
আহত ব্যক্তিরা হলেন রফিকুলের বাবা সানাউল্লাহ (৬৫), মা মোসলেহা বেগম (৫৫) ও ভাই আল আমিন (৩২)। তাঁদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাঞ্চন চিনতলা এলাকার কাসেম মাওলার সঙ্গে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাসেম মাওলার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রফিকুল ইসলাম, সানাউল্লাহ, মোসলেহা বেগম ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।