রূপগঞ্জের জলাশয় থেকে অস্ত্র উদ্ধারের অভিযান সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলাশয় থেকে উদ্ধার করা অস্ত্র। ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলাশয় থেকে উদ্ধার করা অস্ত্র। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাশয় থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অভিযান ১০ দিনের মাথায় আজ শনিবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ আরেকটি রকেট লঞ্চারের শেল ও কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আর অস্ত্র নেই নিশ্চিত হয়ে তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

গত ১ জুন রাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত রূপগঞ্জের একটি জলাশয় বিপুলসংখ্যক অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়। এরপর জলাশয়ে তল্লাশি চালানো হয়। ৩ জুন রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচটি এসএমজি উদ্ধার করা হয়। ৭ জুন পানি নিষ্কাশনের একপর্যায়ে আরেকটি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ভার আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসান। এখন মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।