রূপনগরে ককটেল হামলায় কারখানার দুই কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে একটি কারখানার দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিয়ালবাড়ীর ১ নম্বর সড়কের ‘লেটেস্ট ওয়াশিং’ কারখানার দুই কর্মীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আটটার দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত কারখানা লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এর বিস্ফোরণে কারখানাটির নিরাপত্তাকর্মী আলী আসগর ও গুদামরক্ষক মহব্বত আলী আহত হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত দুজন হামলার কারণ জানাতে পারেননি।
তবে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, কারখানার জমি নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে।