রূপনগরে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের রূপনগর থানার আরিফাবাদ এলাকায় জ্যেষ্ঠ-কনিষ্ঠদের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে মো. রিয়ান (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

রিয়ান রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র। এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। আরিফাবাদ এলাকার ৪ নম্বর রোডের ৬৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত সে। তাকে হাসপাতালে নিয়ে আসা মাসুম এসব তথ্য জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আরিফাবাদ এলাকার ঢাকা ক্যাডেট মাদ্রাসার পাশের ফাঁকা জায়গায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল রিয়ান। এ সময় ওই এলাকার জ্যেষ্ঠ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জ্যেষ্ঠ যুবকেরা তাদের ওপর হামলা চালায়। এতে রিয়ান, হাসিব ও সিরাজ আহত হয়। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক রিয়ানকে মৃত ঘোষণা করেন। হাসিব ও সিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপনগর থানার দায়িত্বরত কর্মকর্তা আশরাফ আলী জানান, একটা হত্যার ঘটনার খবর পেয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন।