রূপনগরের ফ্ল্যাটে এসআই ও তাঁর স্ত্রীর গুলিবিদ্ধ লাশ
রাজধানীর মিরপুরের রূপনগরের একটি ফ্ল্যাট বাসা থেকে পুলিশের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
নিহত দুজন হলেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩২) ও তাঁর স্ত্রী শম্পা খাতুন।
আজ শনিবার সন্ধ্যায় রূপনগরের ২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ছয়তলা থেকে ওই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, একজন আরেকজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামাল হোসেন বলেন, রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। ছয় মাস আগে তাঁরা এই বাসায় উঠেছিলেন। আজ বিকেলের দিকে থানায় খবর আসে পুলিশের এক সদস্য এক নারীকে আটকে রেখেছেন। খবর পেয়ে পুলিশের কয়েকজন সদস্য গিয়ে ফ্ল্যাটের দরজা ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কেউ দরজা খোলেনি। পরে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান।
কামাল হোসেন বলেন, দুজনেরই মাথায় গুলি লাগার চিহ্ন রয়েছে। সরকারি অস্ত্র থেকেই এই গুলি করা হয়েছে। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী আবদুস সাত্তারের দ্বিতীয় স্ত্রী। তিনি আবদুস সাত্তারের প্রথম স্ত্রীর চাচাতো বোন।
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা হাবিবুল হাসান বলেন, ওই দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
রূপনগর থানার পরিদর্শক (অভিযান) মোকাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুস সাত্তার তাঁর স্ত্রীকে গুলি করে নিজে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছিল। কেন ও কীভাবে ঘটনাটি ঘটেছে, এ ব্যাপারে তদন্ত চলছে।