রূপা হত্যা: শেষ হলো যুক্তিতর্ক

রূপা খাতুন গণধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শেষ হয়েছে। আজ রোববার আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি ঘটে।
আগামীকাল সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের আইনগত বিষয় উপস্থাপন করা হবে বলে দিন ধার্য করেছেন আদালত।
আজকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরা এ মামলার সব আসামিকে বেকসুর খালাসের দাবি জানান।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে বেলা ১১টা থেকে আড়াইটা এবং বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আসামিদের আইনজীবী দেলোয়ার হোসেন ও শামীম চৌধুরী এ যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাঁরা আদালতকে জানান, মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসকসহ কোনো সাক্ষীই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হননি। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন, তা পুলিশ ভয়ভীতি দেখিয়ে তাঁদের দিতে বাধ্য করেছে। তাই আসামিদের বেকসুর খালাস দিতে হবে।
এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাঁরা আদালতকে জানান, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। প্রত্যেক আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান রাষ্ট্রপক্ষ।
গত তিন জানুয়ারি মামলার বাদী মধুপুরের অরণখোলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।