রূপালী ব্যাংকে সিবিএ নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত
দৈনিক বর্তমান পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ তোফায়েলকে আটকে রেখে মারধর করার অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার বিকেলে মতিঝিল থানায় করা জিডিতে সাংবাদিক তোফায়েল অভিযোগ করেন, ‘সিবিএ নেতাদের দৌরাত্ম্য’ শিরোনামে বুধবার দৈনিক বর্তমান পত্রিকায় তাঁর করা একটি প্রতিবেদন ছাপা হয়। গত বৃহস্পতিবার এ ব্যাপারে আরও খোঁজখবর নিতে মতিঝিলের ওই ব্যাংক কার্যালয়ে গেলে সিবিএ নেতাদের কয়েকজন তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়ে ব্যাংকের ভেতরে আটকে নির্যাতন চালান। তাঁর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও নোটবুক কেড়ে নেওয়া হয়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাঁকে উদ্ধার করেন। মারধরকারীরা তাঁর মুঠোফোন ও মানিব্যাগ ফেরত দিলেও মেমোরি কার্ড ও নোটবুকটি রেখে দেন।
সিবিএ সভাপতি মোস্তাক আহমেদ মারধর ও আটকের ঘটনা অস্বীকার করেন। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, ‘আমি সেখানে ছিলাম। কেউ তাঁকে মারধর করেনি। শুধু তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন মিথ্যা কথা লিখেছেন।’
মতিঝিল থানার এএসআই তোফাজ্জল জিডির সত্যতা নিশ্চিত করেছেন।