বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা গ্রামে রাগের মাথায় তালাক বলায় এক দম্পতির ওপর হিল্লা বিয়ের ‘ফতোয়া’ জারি করেছেন স্থানীয় মাতবরেরা। হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় ওই দম্পতিকে দুদিন ধরে ‘একঘরে’ করে রাখা হয়েছে।
ওই দম্পতির অভিযোগ, মাতবরদের প্রধান জাতীয় পার্টির স্থানীয় নেতা মো. পাশা ও তাঁর সহযোগীদের ‘ফতোয়া’ মেনে না নেওয়ায় গত শুক্রবার থেকে তাঁদের ‘একঘরে’ করে রাখা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ শিরিন আকতার (২৮) ও তাঁর স্বামী লাল মিয়া (৩২) ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন।
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির শাজাহানপুর উপজেলার কর্মসূচি সংগঠক লিপি খাতুন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। এ জন্য ওই দম্পতিকে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। শনিবার (গতকাল) ঘটনাটি ব্র্যাকের পক্ষ থেকে মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে রোববার (আজ) শাজাহানপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত অভিযোগ দেওয়া হবে।’
শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘ব্র্যাকের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। ওই দম্পতি ও মাতবরকে রোববার (আজ) থানায় আসতে বলা হয়েছে।’
তবে মাদলা ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি মো. পাশা গতকাল শনিবার সন্ধ্যায় দাবি করেন, হিল্লা বিয়ের ‘ফতোয়া’ তিনি নিজে দেননি। তবে তালাকের ব্যাপারে ধর্মীয় ‘মাসয়ালা’ নিতে তিনি তাঁদের স্থানীয় মসজিদের ইমামের কাছে যেতে বলেছিলেন। কিন্তু তা না করায় ইমাম সাহেবের পরামর্শে আপাতত মসজিদের ইমাম-মুয়াজ্জিনের চাঁদা নেওয়া বন্ধ রাখা হয়েছে। কিন্তু ‘একঘরে’ বলতে তেমন কিছু আর করা হয়নি।
গৃহবধূ শিরিন বলেন, ‘প্রায় ২৫ দিন আগে পারিবারিক বিষয় নিয়ে আমাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে রাগের বশে লাল মিয়া আমাকে বলেন “তোকে তালাক দিলাম”। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতেও পারেন। কিছুক্ষণ পর আমার কাছে ক্ষমা চান তিনি। কিন্তু কথাটা বাইরে প্রচার হলে পরদিন মাতবর পাশা সালিস ডেকে ‘ফতোয়া’ জারি করেন, “লাল মিয়ার স্ত্রী শিরিনের তালাক হয়ে গেছে। ওর বউকে হিল্লা বিয়ে দিতে হবে। তিন দিন অন্যের সঙ্গে ঘর-সংসার করতে হবে।”