রেজিস্ট্রারকে অব্যাহতি সত্য তুলে ধরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, রেজিস্ট্রারের কার্যালয়ে তালা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল শুক্রবার রাতে এক যুক্ত বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এটি ঐতিহাসিক সত্য। সত্যপ্রিয় ও যেকোনো বিবেকবান মানুষই এর সঙ্গে একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক সত্যগুলো বিকৃত করা ও ভুল তথ্য সন্নিবেশনের অপকৌশলে মেতেছে।

 বিবৃতিতে ছাত্রদলের দুই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের নতজানু উপাচার্য, প্রশাসন এবং পোষা ইতিহাসবিদেরা বর্তমান অবৈধ সরকারের সঙ্গে আঁতাত করে যতই ইতিহাস বিকৃত করার চেষ্টা করুন না কেন, সত্য কখনো চাপা থাকে না। শহীদ জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, তাঁর সেই স্থান এখনো বাংলার মানুষের মনে অক্ষুণ্ন আছে এবং থাকবে।

 বিবৃতিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে পুনর্বহাল করা এবং রেজিস্ট্রার কার্যালয়ে আগুন দেওয়াসহ ‘ছাত্রলীগের সন্ত্রাসী’দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।